পাবনায় আগুনে ২০ দোকান ভষ্মিভূত ॥ ৫ জন দগ্ধ
পাবনায় আগুনে ২০ দোকান ভষ্মিভূত ॥ ৫ জন দগ্ধ
পাবনার সুজানগরে একটি তেলের ডিপোসহ প্রায় ২০টি দোকানে আগুন লেগে ভষ্মিভূত হয়েছ। যাতে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক (আরএমও) জাহিদুল ইসলাম। অগ্নিদগ্ধরা হলেন-সুজানগরের আজমতের ছেলে জসিম (২৫), রেজাউলের ছেলে রাব্বি (২৪), রেজাউল ইসলামের ছেলে মিরাজুল (১৯), তেলের দোকানদার জনাব আলী (৪০) ও শাহজাদপুরের রতনকান্দির মোজাহারের ছেলে জবর আলী (৪৫)। তাদের মধ্যে জনাবের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হেলাল হাজারী মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে সুজানগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ওই মার্কেটের একটি দোকান তেলের ডিপো হিসেবে পরিচিত। সেখানে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ডিপোতে অনেক তেল থাকায় এবং আশপাশে অনেক দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন প্রায় ২০টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে সুজানগর, সাঁথিয়া, বেড়া ও পাবনা সদরসহ কয়েকটি ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
পাবনা জেনারেল হাসপাতালের আরএমও জাহিদুল বলেন, সুজানগরের অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যান্যদের ১০-১৫ শতাংশ শরীর অগ্নিদগ্ধ হয়েছে।