ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৩জন নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৩জন নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ড এবং সাভার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত মো. রুবেল পারভেজ (৪০), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল মান্নান। অপরজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিল, আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
রুবেল পারভেজ স্ত্রী ফারজানা, মেয়ে ফারিহা আর মাকে নিয়ে ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে এমটিও হিসেবে কর্মরত ছিলেন। সাভার হাইওয়ে থানার ওসি (তদন্ত) শেখ আবু হাসান বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনজন। এ সময় সেলফি পরিবহনের দুই বাস রেষারেষি করে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে পথচারী তিনজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পারভেজ ও মান্নান মারা যান। অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা বলেন, আমাদের হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। একজনের বয়স ৪০, আরেকজনের ৪২। এদের মধ্যে একজন মারা গেছেন। অপরজনকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিচ্ছিলেন আব্দুল মালেক ও ছেলে ইসমাইল। এ সময় আরিচাগামী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ইসমাইল। আব্দুল মালেক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানার পরিদর্শক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের বাসটি রেখে পালিয়ে গেছে এর চালক ও সহযোগী। বাসটি জব্দ করা হয়েছে।