শিবগঞ্জে আলম হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
শিবগঞ্জে আলম হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি-সদর উপজেলার সোনাপুর গ্রামের তারাজ ডাকাতের ছেলে জিয়ারুল হক (৩৫)। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাত দেড়টার দিকে নাচোল উপজেলার লক্ষণপুর এলাকা থেকে পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে নাচোল থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে। এমামলায় ১৭জন আসামি জামিনে রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আরও তিন আসামিকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেনকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদি হয়ে ৫৯ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।