তোপের মুখে গোবিন্দগঞ্জে ইউএনও’র বৈশাখী অনুষ্ঠানস্থল ত্যাগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার পহেলা বৈশাখে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপিসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও গণমাধ্যম কর্মীদেরকে আমন্ত্রণ না করায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে এর কারণ জানতে চাইলে কোন সদুত্তর না দিয়েই তোপের মুখে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে, এ ধরণের একটি সরকারি অনুষ্ঠানে উল্লেখিত সংগঠনগুলোর নেতৃবৃন্দকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার প্রতি আমন্ত্রণ বঞ্চিত ব্যক্তিরা ক্ষোভে ফুঁসে উঠে তার কাছে এ বিষয়ে জানতে চান। এসময় তাদের তোপের মুখে কোন সন্তোষজনক উত্তর না দিয়েই কৌশলে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান তিনি। গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু ১লা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাদেরকে মঞ্চে বসার সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানাকে একাধিকবার সাংবাদিকরা ফোন করে জানতে চাইলেও তিনি ফোন রিসিভ করেননি। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এর আগেও গত ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস এবং ২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও একই ধরণের বিতর্কিত কর্মকান্ডের জন্য বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক দলের বাঁধার মুখে শহীদ মিনার ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের এমন বিতর্কিত কর্মকান্ডে স্থানীয় সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমাচোলনার সৃষ্টি হয়েছে।