গোমস্তাপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
এ সময় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক আব্দুল্লাহ এবং আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার কার্যকারিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শেষে এসব সমস্যা সমাধান এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।