শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে কমিটির আহ্বায়ক মো. আজিজুল হকের নেতৃত্বে জেলা কোর্ট চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি কোর্ট চত্বর থেকে ফুড অফিস, উদয়ন মোড়, জেলা পরিষদ, হুজরাপুর, পুরাতন জেলখানা, ওয়ালটন মোড়, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, সদর মডেল থানা, সদর হাসপাতাল, মিস্ত্রিপাড়া, মিস্ত্রিপাড়া গোরস্থান, নিমতলা মোড়, ফকিরপাড়া গোরস্থান, বাতেন খাঁ মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রায় ৩৫ থেকে ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ছোট ট্রাক ও ৮ থেকে ১০টি মোটরসাইকেল অংশ নেয়। এতে আনুমানিক ২০০ থেকে ২৫০ জন অংশগ্রহণ করেন। র‌্যালির সামনে, মাঝখানে ও পেছনে নিরাপত্তার দায়িত্বে পোশাক পরিহিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এসময় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান তুলে ধরা হয়। পাশাপাশি তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর বিষদ আলোচনা করেন এবং হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শে জীবন গড়ার উপর তাগিদ দেন।