নবাবগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষককে নোটিশ-শিক্ষাঙ্গনে নৈতিকতার সংকট
চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা অঙ্গনে আবারও উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। জেলা শহরের পৌর এলাকার নবাবগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাঃ আবুল কাশেম-এর বিরুদ্ধে সরকারি বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগে ৪ মে /২০২৬ সোমবার নোটিশ জারি করেছে জেলা শিক্ষা অফিস। ঘটনাটি পুরো শিক্ষা ব্যবস্থার নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেছে। নোটিশ সূত্রে জানা যায়,
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারের বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে যথাযথভাবে বিতরণ না করে বিক্রি করেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের বই নিয়েও অনিয়মের ঘটনা ঘটেছে। এ অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল/২৬ তারিখে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে বিষয়টি যাচাই করেন।
প্রাথমিকভাবে প্রধান শিক্ষক স্বীকার করেন যে, অতিরিক্ত বই ও খাতা বিক্রির ঘটনা ঘটেছে, যদিও তিনি দাবি করেন ২০২৬ সালের বই বিক্রি করা হয়নি। তবে তদন্তে দেখা যায়, সরকারি বই বিতরণে অসঙ্গতি রয়েছে এবং কিছু বইয়ের হিসাব সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। নোটিশে আরও বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী বই বিতরণের তালিকা যথাযথভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা অনুসরণ করা হয়নি। ফলে বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠেছে। এ প্রেক্ষিতে প্রধান শিক্ষক মোহাঃ আবুল কাশেম-কে দুই কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
একজন প্রধান শিক্ষক-যিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও আদর্শের পাঠ শেখানোর দায়িত্বে-যদি নিজেই এমন অনিয়মে জড়ান, তাহলে শিক্ষার্থীরা কী শিখবে? শিক্ষা প্রতিষ্ঠানই বা কতটা নিরাপদ থাকবে? এমন প্রশ্ন সচেতন মহলের। শিক্ষাবিদরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের মাঝে ভুল বার্তা যায়-যেখানে সততার পরিবর্তে অনিয়মই যেন স্বাভাবিক হয়ে ওঠে। সরকারি বই বিক্রির বিষয়ে নবাবগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাঃ আবুল কাশেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বই বিক্রি করার কথা স্বীকার করেন। তবে বই বিক্রির কারন জানতে চাইলে তাঁর কোন বক্তব্য নাই বলেও জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল এর সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবিরের সাথে যোগাযোগ করে বই বিক্রির নিয়ম আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, সরকারের দেওয়া বিনামূল্যের বই বিক্রির কোন সুযোগ নাই। তবে বাজারে যেহেতু বই কিনতে পাওয়া যায় না। অনেক সময় ছাত্র/ ছাত্রী বই হারিয়ে ফেলে। এসে বলে স্যার আমার একটা বই হারিয়ে গেছে। সে কারনে বই সংরক্ষণ করে রাখা উত্তম।
যদি কোন শিক্ষক বই বিক্রি করে থাকে, তাহলে সেটা শিক্ষাঙ্গনের জন্য লজ্জার বিষয়। জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল মতিন কারন দর্শাণো নোটিশের বিষয়টি নিশ্চিত করে জানান, নবাবগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাঃ আবুল কাশেম সরকারের বিনামূল্যে দেওয়া বই বিক্রির ঘটনায় তাঁকে দুই কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে বিভগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নোটিশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহী উপ-পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক,
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নবাবগঞ্জ জেলা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর পাঠানো হয়েছে বলেও জানা গেছে। “ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষা অঙ্গন কোনোভাবেই অনিয়মের আশ্রয়স্থল হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জায়গায় যদি দুর্নীতির ছায়া পড়ে, তাহলে তার প্রভাব গোটা সমাজকেই বহন করতে হবে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেওয়ার, নইলে ‘শিক্ষা’ শব্দটাই হারাবে তার আসল মর্যাদা”। এমনটায় আলোচনা-সমালোচনা বিশিষ্টজনদের মাঝে।