সোমবার, নভেম্বর ১৭, ২০২৭
আদালতের পক্ষপাতিত্বমূলক ভুমিকা নিয়ে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওসি-এস.আই’র বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওসি-এস.আই’র বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি নুরে আলম ও সাবেক এস.আই আরিফের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি, ব্যক্তিগত গাড়ি বেআইনিভাবে আটক এবং পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আদালতের নিরপেক্ষ ভূমিকা না নিয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে সমালোচনা করেন। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। মাহফুজা অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি/২৬ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় দুটি চার্জার অটোরিকশার সঙ্গে তাঁর ব্যক্তিগত গাড়ি (মাইক্রোকার)’র দুর্ঘটনা ঘটে।


এতে একটি শিশু আহত হয় এবং অটোবাইকের কোন ক্ষয়ক্ষতি হয়নি বরং কারের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এঘটনায় পুলিশ কার ও অটোবাইক ২টি আটক করে। পরে গাড়ি ছাড়ার জন্য গেলে, তৎকালীন সদর মডেল থানার ওসি নুরে আলম ও এস.আই আরিফ ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা দিয়ে গাড়িটি আটকে রাখা হয়। দীর্ঘ প্রায় ৯ মাস পর আদালতের আদেশে গাড়ি নিতে গিয়ে সেটি ভাঙচুর এবং গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করা অবস্থায় পান বলে দাবি করেন তিনি। এ ঘটনায় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান মাহফুজা। এঘটনায় সে সময়ের রাজশাহী রেঞ্জের ডিআইজি’র কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পান নি বলেও সংবাদ সম্মেলনে জানান মাহফুজা খাতুন। তিনি আরও বলেন, সময়মতো এবং নিরপেক্ষভাবে আদালত বিষয়টির সামাধান দিলে আমার গাড়িটির ক্ষয়ক্ষতি হতোনা এবং এত হয়রানীও হতে হতোনা বলেও অভিযোগ তুলে ধরেন। তিনি সংবাদ সম্মেলনে আদালতের নিরপেক্ষতা নিয়েও বেশ কিছু অভিযোগ তুলে ধরেন।


তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি নুরে আলম এর ব্যক্তিগত মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভুক্তভোগী মোসাঃ মাহফুজা খাতুন এবং একপর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শেষে তিনি জেলার সকল মিডিয়াকর্মীর আন্তরিক সহযোগিতা ও বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।