স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা প্রাণ গেল স্ত্রীরও
স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীও। নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর জেলার কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আকবার হোসেন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে ইসমাইল মোল্যা (৬০) মারা যান। পরে সকাল ৬টার দিকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোরের নিজ বাড়িতে নেওয়ার জন্য রওনা দেন স্বজনরা। পথে নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন।
দুর্ঘটনায় নিহতের ছেলে, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যাসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই একই যাত্রাপথে স্ত্রীর প্রাণহানির ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।