জয়পুরহাটে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু
জয়পুরহাটে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে কৃষক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার বিকেলে জয়পুরহাট জেলা সদর ও পাঁচবিবি উপজেলায় এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো. হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের প্রয়াত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)। জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, থিয়ট গ্রামের মাঠে ধানের নাড়া কেটে বাড়ির কাছাকাছি আসছিলেন জাহানারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, উপজেলার কুয়াতপুর গ্রামের মাঠে ধান কাটছিলেন সামসুদ্দিন। এ সময় প্রবল বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে আহত হন সামছুদ্দিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।