কালিয়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নড়াইলের কালিয়া উপজেলার ৪নং মাউলী ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে শনিবার (১৩ জুন) দুপুরে মাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজী হক, ১নং ওয়ার্ডের সদস্য হিলাংগীর, ৩নং ওয়ার্ডের সদস্য মো. সুহাগ, ৫নং ওয়ার্ডের সদস্য মো. আশরাফুল আলম, ৬নং ওয়ার্ডের সদস্য মো. জমিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সদস্য সুজাল বিশ্বাস, ৮নং ওয়ার্ডের সদস্য বিজন কুমার দাস, মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম (ইয়ার আলী), কালিয়া উপজেলা আরজেএফ-এর সভাপতি সাংবাদিক মামুন মোল্যাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা শুধু গাছ রোপণ নয়, গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।