নবাবগঞ্জ মডেল সরকারি স্কুলের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয় ‘নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’র বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এর উদ্যোগে এই সংবর্ধণা দেয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ নূরুল ইসলাম বুলবুল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধা,
সততা ও পরিশ্রমের মাধ্যমে তাদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।