রহনপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধণা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রহনপুরের উৎসব কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধণা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচিত ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মুস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, মেধা ও শিক্ষার সাফল্যকে শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। সততা, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।