চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (০২ অক্টোবর) সকালে জেলা প্রশাসননের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন-প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্যে সভায় মূল বিষয় উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা মোহা: আব্দুল রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী এবং চাঁপাইনবাবগঞ্জ সকল উদ্যোক্তা প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সভায় বিসিকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সঠিক ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং ব্যবসা ব্যবস্থাপনার বিষয়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়। বক্তারা আরও বলেন, বিসিকের ই-মার্কেটের মাধ্যমে উদ্যোক্তারা ঘরে বসেই পণ্য বিপণনের সুযোগ পাচ্ছেন। সভায় উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবন ও নতুন প্রযুক্তিকে গ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং পণ্যের মান নিশ্চিত করার আহ্বান জানান। তারা সম্মিলিত প্রচেষ্টায় দেশের উৎপাদনশীলতা ও অর্থনীতিকে আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।