সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

বাগাতিপাড়ায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির কর্মীসভা

নাটোর প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন নাটোর
নাটোর প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন
বাগাতিপাড়ায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির কর্মীসভা

বিএনপির নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এসব কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির মহিলা দলের কর্মী সভা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার তমালতলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাফর আহমেদ। সভায় বক্তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, বয়স্ক ও বিধবা ভাতার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো উপকৃত হবে। এসব কর্মসূচির সুফল যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে যায়, সে জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সরকারকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা, ওলামা দলের সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন, সমাজসেবক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আশিক, কৃষক দলের সাধারণ সম্পাদক পল্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, সাবেক সহসভাপতি রমজান আলী, উপজেলা মহিলা দলের সদস্যসচিব আইভি আক্তার, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শারমিন আক্তার ঝুমুর, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন এবং যুবদলের সভাপতি তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।