বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেফতার
বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেফতার
বগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ওই আসামি পালিয়ে যায়। জানা গেছে, গত মঙ্গলবার রাতে জয়পুরহাটের তিলকপুর বাজারের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর টাকাসহ ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালা”িছলেন তিনজন। এ সময় আদমদীঘি উপজেলার আমইল গ্রামে বাঁশের ব্যারিকেড দিয়ে শাহাদত হোসেন কলম (৩৪), রাজু পালোয়ান (৩০)ও বাঁধন (২৬) নামের তিনজনকে জনতা আটক করে। পরে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ তিনজনকে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জনতার হাতে আটক তিনজনই আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার বাসিন্দা। এ ঘটনায় তিনজনের নামে আদমদিঘী থানায় মামলা হয়। বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, পুলিশ হেফাজতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পাহারার দায়িত্বে ছিলেন পুলিশ লাইন্সের একজন উপপরিদর্শক (এসআই) এবং দু’জন কনস্টেবল। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাতকড়া পরা অবস্থায় শাহাদত হোসেন কলম নামের একজন শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। আদমদিঘী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ।