৬ দফা দাবিতে বগুড়ায় স্বাস্থ্য সহকারীদের ‘অবস্থান কর্মসূচি’
৬ দফা দাবিতে বগুড়ায় স্বাস্থ্য সহকারীদের ‘অবস্থান কর্মসূচি’
নিয়োগবিধি সংশোধ করে চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বগুড়া সদর শাখা এ অবস্থান কর্মসূচীর আয়োজন করে। তাদের কর্মসূচী সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত চলে। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মাসুদ রব্বানী, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সদর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল রাহিসান, সমন্বয়ক আজম উদ্দিন, স্বাস্থ্য সহকারী শ্যাম সুন্দর, আলী আহসান, আতিকুর রহমান, মাইনুল হাসান, এনায়েতুল্লাহ খান, রিয়াজুল, সানজিদা আকতার, রাজিয়া খাতুন, সুরভীসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সাফল্যের পেছনের মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা। এদের বেতন ১৬তম গ্রেড দিয়ে শুরু হয়। ১০-১৫ বছরে প্রমোশন হলেও বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয় না। আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমাদের গ্রেড দিয়েছে নন-টেকনিক্যাল। এতে আমরা চরম বৈষম্যের শিকার। তারা আরও বলেন, বিভিন্ন সরকারের সময়ে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে দেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।