শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

ঢাবির ২৯তম উপাচার্য হলেন অধ্যাপক মাকসুদ কামাল

WP Import ১৫ অক্টোবর ২০২৩ ০৭:১৮ অপরাহ্ন জাতীয়
WP Import ১৫ অক্টোবর ২০২৩ ০৭:১৮ অপরাহ্ন

ঢাবির ২৯তম উপাচার্য হলেন অধ্যাপক মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন তিনি। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সাময়িকভাবে নিম্নোক্ত শর্তে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
এ আদেশ আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। তিনি ২০২০ সালের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন তিনি। অধ্যাপক মাকসুদ কামাল ১৯৬৬ সালের ২১ নভেম্বর লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ফরিদ আহমেদ এবং মা মরহুমা মাছুমা খাতুন ছিলেন সমাজহিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব। তার বাবা একজন সুপরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন। ড. মাকসুদ কামালের অগ্রজ মরহুম এ কে এম শাহজাহান কামাল বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিন মেয়াদে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি মৃত্যু বরণ করেছেন।