চাঁদা না পেয়ে রাজশাহীতে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। ঘাতক যুবককে আটক করে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল ৭টার দিকে পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ জুয়েল (৪৮) ওই বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে। আটক যুবক কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩)। স্থানীয়দের বরাতে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় মাইনুল দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করে। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।ধস্তাধস্তির মধ্যে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ঘটনার পরপরই স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং পিটুনি দিয়ে দোকানের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।ওসি আরও বলেন, পুলিশ হেফাজতে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাইনুল নেশা করার টাকার জন্য চাঁদা নিতে জুয়েলের দোকানে গিয়েছিল বলে জানিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে।