মেহেরপুরে কুপিয়ে এক তরুনীর হাত বিচ্ছিন্ন ॥ অভিযুক্ত যুবক শায়ন আটক
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একই পরিবারের তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে শায়ন (৩০) নামে এক যুবক। এ হামলায় স্মৃতি আক্তার (২২) নামের তরুনীর ডান হাতের কব্জি পর্যন্ত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করেছেন হামলাকারী যুবক সন্ত্রাস শায়ন। হামলায় গুরুতর আহত হয়েছে স্মৃতির বাবা হোটেল বাজারে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম (৫০) ও মা রেবেকা সুলতানা (৪২)। বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে হোটেল বাজার লর্ড মার্কেট এলাকায় রিপন টাওয়ারের নিকটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শায়ন মেহেরপুর শহরের হোটেল ব্যবসায়ী মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,
রাতে হঠাৎ ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিমের বাসা থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে তারা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারী যুবক শায়ন নামে ওই পরিবারের তিন সদস্যকে এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলায় স্মৃতি আক্তারের ডান হাত কব্জি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় স্মৃতি আক্তারের বাবা ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম ও মা রেবেকা সুলতানাও গুরুতর জখম হয়ে আহত হন। পরে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিন জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হামলাকারী সন্ত্রাস শায়নকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল। এদিকে, একই পরিবারের তিন জনের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ, ঘটনার পেছনের বিরোধ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনায় অভিযুক্ত শায়নকে আটক করা হয়েছে। কি কারণে হামলা করা হয়েছে, তা তদন্ত চলছে।