পাবনায় কর্মস্থলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ॥ স্বামী আটক
পাবনায় কর্মস্থলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ॥ স্বামী আটক
পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর কর্মস্থলের সামনেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার (২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা থানার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং ইপিজেডের রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আটক মো. মিলন চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়ার আকবর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, স্বামী মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। সেই জেরে সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে।